প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ জন উপদেষ্টার দপ্তর নতুন করে বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের দায়িত্ব পুনর্বণ্টন করে গেজেট প্রকাশ করা হয়। এই ১০ উপদেষ্টার মধ্যে ৫ জন মন্ত্রী এবং ৫ জন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োজিত আছেন।
প্রজ্ঞাপনে অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীকে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। অন্যদিকে মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, প্রতিমন্ত্রী মর্যাদার উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
মাহদী আমিনকেও একসঙ্গে চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সেগুলো হলো- শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ডা. জায়েদুর রহমানকে পলিসি ও স্ট্র্যাটেজি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, উপদেষ্টাগণ নিজ নিজ পদে আসীন থাকাকালীন উল্লিখিত মন্ত্রণালয় বা বিভাগগুলোর দাপ্তরিক কাজ তদারকি ও পরামর্শ প্রদান করবেন।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে এই ১০ জনকে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছিল। নবগঠিত সরকারের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় এই পুনর্বণ্টন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, মির্জা আব্বাস-রিজভীসহ কে কোন দায়িত্বে
