গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৫:০৬ পিএম

আন্তর্জাতিক জালিয়াতি ও প্রতারণা রোধে বৈশ্বিক লড়াইয়ের কৌশল নির্ধারণে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠেয় ‘গ্লোবাল ফ্রড সামিট-২০২৬’-এ অংশ নিতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতিসংঘের মাদক ও অপরাধ কার্যালয় (ইউএনওডিসি) এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ‘ইন্টারপোল’-এর যৌথ আয়োজনে আগামী ১৬ ও ১৭ মার্চ এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত এই সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্মেলনের উদ্বোধনী ও প্লেনারি সেশনে অংশগ্রহণের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চপর্যায়ের রাউন্ড টেবিল বৈঠকে অংশ নেবেন। এ ছাড়া ‘ন্যাশনাল কমিটমেন্টস/প্লেজেস অন কমব্যাটিং ফ্রড’ শীর্ষক বিশেষ সেশনে তিনি প্যানেলিস্ট হিসেবে বাংলাদেশের অবস্থান ও প্রতিশ্রুতি তুলে ধরবেন।

সফরকালে সাইডলাইন ইভেন্টের অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। তিনি ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের সঙ্গে পৃথক বৈঠক করবেন। এসব বৈঠকে আন্তর্জাতিক অপরাধ দমন ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে।

সম্মেলন শেষে আগামী ২০ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

FJ
আরও পড়ুন