দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং অবৈধ মজুত ও পাচারকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। অবৈধভাবে জ্বালানি তেল মজুত বা পাচারকারীদের সম্পর্কে সঠিক তথ্য প্রদানকারীকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
সোমবার (৩০ মার্চ) মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার প্রদান করা হবে। এছাড়া অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ‘মোবাইল কোর্ট’ বা ভ্রাম্যমাণ আদালত সক্রিয় করা হয়েছে।
সরকার স্পষ্ট করেছে যে, দেশে বর্তমানে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই এবং সরকার চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক বাজার থেকে নিয়মিত তেল ক্রয় করছে। তাই সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল ক্রয় বা মজুত না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। সাধারণ স্থানে এসব তেল মজুত করা জননিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। অধিক লাভের আশায় অবৈধ মজুত করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে যে, সরকার এখন পর্যন্ত তেলের দাম বৃদ্ধি করেনি, তাই তেলের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
ক্রীড়া কার্ড চালু, ১২৯ খেলোয়াড় পাবেন মাসিক ১ লাখ টাকা
