দেশের অর্থনীতি ও উন্নয়নের মূল চালিকাশক্তি হলো শ্রমিক সমাজ। তারা ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়া পল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা এখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করছি। কিন্তু ২-৩ বছর আগেও বিএনপি বা শ্রমিক দল সমাবেশ করতে চাইলে স্বৈরাচারী বাহিনী হামলা চালাত। দেশের মানুষ, ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারকে বিতাড়িত করে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে।’
দেশের শিল্পায়ন নিয়ে তারেক রহমান বলেন, ‘সরকার গঠনের পরই আমরা বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে সব কারখানা চালু করা হবে। এছাড়া বেকারত্ব দূর করতে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিদেশেও দক্ষ জনশক্তি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’
রাজধানীর যানজট ও হকার সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী একটি মানবিক সমাধান তুলে ধরেন। তিনি বলেন, ‘যানজট নিরসনে হকার উচ্ছেদ করা হলেও তাদের জীবন-জীবিকার কথা আমাদের ভাবতে হবে। আমি ইতোমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে হকারদের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে পুনর্বাসনের নির্দেশ দিয়েছি। পর্যায়ক্রমে সকল হকারকে পুনর্বাসিত করা হবে।’
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কয়েক হাজার শ্রমিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
