আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দেশের সব সিএনজি ও পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশন টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে সম্প্রতি পেট্রোবাংলার চেয়ারম্যানকে এই সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখতে এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ঈদের আগের ৭ দিন, ঈদের দিন এবং ঈদের পরবর্তী ৫ দিন- অর্থাৎ মোট ১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন দিনরাত ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে।
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা কার্যকর থাকবে। সাধারণত সিএনজি স্টেশনগুলোতে দিনের নির্দিষ্ট সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখার নিয়ম থাকলেও ঈদের এই সময়ে সেই নিয়ম শিথিল থাকবে।
এবারের কোরবানির ঈদে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এর আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকলেও মূলত ২১ মে থেকেই ঈদের বিশেষ যাতায়াত শুরু হবে। ফলে এই ১৩ দিনের বিশেষ সুবিধা সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের জন্য বড় স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
ঈদের ছুটিতেও খোলা থাকবে সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন
ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা