শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা প্রকল্পও হাতে নেবে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট : ২০ মে ২০২৬, ১০:০১ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বর্তমান সরকার পদ্মা ব্যারাজের পাশাপাশি তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে।

বুধবার (২০ মে) গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুষ্ক মৌসুমে কৃষিজমিতে স্বাভাবিক পানি সরবরাহ নিশ্চিত করতে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে। একই সঙ্গে সরকার তিস্তা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করছে।

তিনি বলেন, 'অনেকে সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা বলতে পারেন। কিন্তু বর্তমান সরকার আবারও অঙ্গীকার করছে, পদ্মা ব্যারাজ শুধু নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে সরকার।'

ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারকে বিপজ্জনক উল্লেখ করে তারেক রহমান বলেন, এতে পরিবেশ ও কৃষি উভয়ই ঝুঁকির মুখে পড়ছে। 'মাটির নিচে পানি থাকছে না, কৃষক পানি পাচ্ছে না,' উল্লেখ করে তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার খাল খনন কর্মসূচিও বাস্তবায়ন করছে।

প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশগত ঝুঁকির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, আবাসন ও অবকাঠামো নির্মাণের কারণে গাছপালা ও ফসলি জমি কমে যাচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় সংকট ডেকে আনতে পারে।

তিনি বলেন, নির্মাণাধীন দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুর্যোগ মোকাবিলা ও প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

তারেক রহমান আরও বলেন, 'গরিব দেশ আমরা, সম্পদ কম। এই সম্পদ রক্ষা করতে পারলে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। প্রকৃতিকে ঠিক রাখতে হবে।'

AS
আরও পড়ুন