স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন মির্জা ফখরুল

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৭:২১ পিএম

বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন, চলতি বছরের বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন শুরু হতে পারে। সরকারের লক্ষ্য আগামী এক বছরের মধ্যে এসব নির্বাচন সম্পন্ন করা।

মন্ত্রী বলেন, বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করেই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া সংসদে বিভিন্ন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী আরও জানান, দেশের সব উপজেলায় সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে একটি পরিদর্শন কক্ষ নির্মাণে প্রতিটি উপজেলায় ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

ঢাকা মহানগরীর পানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার হলেও ওয়াসার উৎপাদন সক্ষমতা ২৯৫-৩০০ কোটি লিটার। গ্রীষ্ম ও শীত মৌসুমে পানির চাহিদায় তারতম্য ঘটে। ওয়াসা প্রতিদিন ৪০-৫০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে পানির গুণগত মান নিশ্চিত করে থাকে। উন্নত কেমিক্যাল ও ক্লোরিনেশনের মাধ্যমে পানি বিশুদ্ধকরণ করা হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করা হয়।

Attr/AHA
আরও পড়ুন