প্রথমবারের মতো জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নেতৃত্বে বাংলাদেশ

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৮:৩৮ পিএম

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে শরণার্থী ও বাস্তুচ্যুতি ইস্যুতে বাংলাদেশের ভূমিকা নতুন মাত্রা পেল।

মঙ্গলবার (১৬ জুন) দায়িত্ব গ্রহণ করেন জেনেভায় জাতিসংঘ কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত নাহিদা সোবহান। জেনেভায় বাংলাদেশ মিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ১৯৫৯ সালে ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এবারই প্রথম বাংলাদেশ ব্যুরোর সদস্য এবং সভাপতি হিসেবে দায়িত্ব পেল।

চার সদস্যবিশিষ্ট এই ব্যুরো নির্বাহী কমিটিকে নেতৃত্ব ও দিকনির্দেশনা দেয়। একই সঙ্গে শরণার্থী, আশ্রয়প্রার্থী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত জনগোষ্ঠী সম্পর্কিত বৈশ্বিক বিভিন্ন বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাংলাদেশ মিশনের মতে, নির্বাহী কমিটির ব্যুরোতে অন্তর্ভুক্তি এবং সরাসরি নেতৃত্বের এই দায়িত্ব দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন। বিশেষ করে বিশ্বব্যাপী শরণার্থী ও বাস্তুচ্যুতি সংকট নিয়ে আলোচনায় বাংলাদেশের অংশগ্রহণ এবং নেতৃত্বের সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেই এটিকে দেখা হচ্ছে।

AS/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত