সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন : ডা. জাহেদ

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৪:০৮ পিএম

চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, নির্বাচন কার্যক্রম শুরু হওয়ার পর এক বছরের মধ্যে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোট সম্পন্ন করার লক্ষ্যে কাজ করবে সরকার।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, সেপ্টেম্বর বা অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করা হবে।

সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীন মিডিয়া কমিশন গঠনের বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং এ বিষয়ে একটি ঐকমত্য গড়ে উঠেছে।

তিনি আরো জানান, সমুদ্রবিজ্ঞান গবেষণার (ওশানোগ্রাফিক রিসার্চ) জন্য দেশে প্রথমবারের মতো একটি বিশেষায়িত গবেষণা জাহাজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আইনের শাসন ও নাগরিক অধিকারের বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে উপদেষ্টা বলেন, জনগণের প্রতি কোনো ধরনের অন্যায় আচরণ যাতে না হয়, তা নিশ্চিত করা হবে। রাষ্ট্রের কাছে সব নাগরিক সমান অধিকার ভোগ করেন এবং নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের প্রসঙ্গ তুলে বলেন, সফরে মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এ বিষয়ে দ্রুত অগ্রগতি হবে বলে সরকার আশাবাদী।

এর আগে গত ১৬ জুন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে জানিয়েছিলেন, বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।

তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে আয়োজন করা হবে।

AM
আরও পড়ুন