চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগির (Alois Zwinggi) সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান আলোইস জভিংগি। জবাবে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন বৈশ্বিক উদ্যোগের প্রশংসা করেন।
বৈঠকে বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে থাকা ডেল্টা রাষ্ট্র এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় ডব্লিউইএফ-কে একটি সমন্বিত বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের নেওয়া বড় পদক্ষেপগুলো তুলে ধরেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বন্যা ঝুঁকি হ্রাসে বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫ কোটি (২৫০ মিলিয়ন) বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ পানির প্রবাহ পুনরুদ্ধার ও সুরক্ষায় প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখনন করা হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি খাতের অগ্রগতি উল্লেখ করে তিনি বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশেষ কর-সুবিধা প্রদান করা হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিজ্ঞতা ও টেকসই উন্নয়ন ভাবনার ভূয়সী প্রশংসা করেন আলোইস জভিংগি। তিনি বাংলাদেশের এই গ্রিন ইকোনমি ও জলবায়ু সহনশীলতার মডেলকে বৈশ্বিক পরিসরে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। জভিংগি বলেন, বাংলাদেশের এই দূরদর্শী উদ্যোগগুলো আন্তর্জাতিক অর্থায়নকারী প্রতিষ্ঠান এবং বড় চিনা ও বৈশ্বিক বিনিয়োগকারীদের বিশেষভাবে আকৃষ্ট করবে।
বাংলাদেশের উত্থাপিত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে ডব্লিউইএফ প্রেসিডেন্ট ফোরামের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আগামী বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
উচ্চপর্যায়ের এই বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
চীন সফরে তারেক রহমান, এশীয় কূটনীতিতে নতুন সমীকরণের আভাস
বিশ্ব দরবারে বাংলাদেশের দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে গুরুত্বপূর্ণ ৩ চুক্তি সই