কেন আনা হচ্ছে নতুন ‘জুয়া প্রতিরোধ আইন ২০২৬’?

আসছে ‘জুয়া প্রতিরোধ আইন ২০২৬’

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম

সাইবার স্পেসে জুয়া খেলা ও এর প্রচারণার অপরাধ সংক্রান্ত ধারাটি বিলুপ্ত করা হচ্ছে ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ থেকে। মূলত একই অপরাধের জন্য একাধিক আইনের জটিলতা এড়াতে এবং ডিজিটাল ও অফলাইন উভয় মাধ্যমের জুয়া প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ নামে একটি সম্পূর্ণ নতুন ও সুনির্দিষ্ট আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ শীর্ষক বিলটি পাসের জন্য উপস্থাপন করতে যাচ্ছেন ভারপ্রাপ্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম। এই সংশোধনী বিলটি পাসের মাধ্যমে মূল আইনের ২০ নম্বর ধারাটি পুরোপুরি বাদ দেওয়া হবে।

মূল আইনের ২০ নম্বর ধারায় বিধান ছিল সাইবার স্পেসে জুয়া খেলার উদ্দেশ্যে কোনো পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি ও পরিচালনা করা, জুয়ায় অংশ নেওয়া, জুয়ার বিজ্ঞাপনে অংশ নেওয়া বা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর প্রচারণা চালানো অপরাধ হিসেবে গণ্য হতো। এই অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, অনধিক ১ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছিল। বিলটি পাসের পর এই অপরাধগুলো আর সাইবার সুরক্ষা আইনের অধীন বিচার্য থাকবে না।

হঠাৎ এই ধারাটি বিলুপ্ত করার কারণ ব্যাখ্যা করে ভারপ্রাপ্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে জানান, সাইবার স্পেসকে নিরাপদ রাখাই ছিল এই আইনের মূল লক্ষ্য। তবে বর্তমানে জুয়া ও বেটিং সংক্রান্ত অপরাধসমূহ আরও কঠোর ও সুনির্দিষ্টভাবে প্রতিরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই এই লক্ষ্যে কাজ শুরু করেছে। একটি স্বতন্ত্র ও বিশেষায়িত আইন তৈরি হওয়ার কারণেই সাইবার সুরক্ষা আইন থেকে এই ধারাটি বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে, যেন আইনি ওভারল্যাপিং না হয়। বিলটি পাসের পর থেকেই এই সংশোধনী অবিলম্বে কার্যকর হবে।

SN
আরও পড়ুন