বিল বাড়ার কারণ কী বলছে বিদ্যুৎ বিভাগ

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৪:১০ পিএম

বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বলেছেন, অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।

তিনি বলেন, সকল বিদ্যুৎ বিতরণ সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং অভিযোগের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার (৬ জুলাই) বিদ্যুৎ ভবনের বিজয় হলে চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ সচিব বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও রয়েছে এবং তিনি সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। অভিযোগ পাওয়ার পর অধিকাংশ ক্ষেত্রেই তা ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, অতিরিক্ত বিল, দায়িত্বে অবহেলা বা গ্রাহক হয়রানির সঙ্গে কেউ জড়িত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ সচিবের ভাষ্য অনুযায়ী, বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রধান কারণ মিটারের ত্রুটি নয় বরং বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্রাহকের ব্যবহার বেড়ে যাওয়া এবং উচ্চতর স্ল্যাবে চলে যাওয়ার কারণে অনেকের বিল বেড়েছে। বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি ত্রুটির কারণেও কখনো কখনো সমস্যা দেখা দেয়।

অভিযোগ থাকা গ্রাহকদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার গ্রাহকসেবা কেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি, প্রয়োজনে মিটার পরীক্ষা, বিল পুনঃ যাচাই এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা রাখা হয়েছে।

মিরানা মাহরুখ নাগরিকদের গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বলেন, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা হলে তা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটাবে এবং জনদুর্ভোগ বাড়াবে।

NM/YA
আরও পড়ুন