শেখ হামাদের মৃত্যুতে স্পিকারের নেতৃত্বে দোহায় যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৮:৫২ পিএম

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক ও সংহতি জানাতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল মঙ্গলবার (১৪ জুলাই) দোহা যাচ্ছে।

কাতারের বর্তমান আমির, রাজ পরিবার এবং দেশটির জনগণের প্রতি সমবেদনা জানাতেই এ সফর বলে সোমবার (১৩ জুলাই)  বিকেলে সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।

শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকার বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে। এ সময় সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এর আগে কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক প্রকাশ করেন। শোকবার্তায় তিনি বলেন, কাতারের সাবেক আমিরের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে কাতারের আমির, রাজপরিবার, সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি রোববার মারা যান।

Attr
আরও পড়ুন
সর্বশেষপঠিত