বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।
বুধবার (২৯ জুলাই) সিআইডি সদর দপ্তরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় সংস্থাটির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত সিআইডি প্রধানকে শুভেচ্ছা জানান।
এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই)-এর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এনএসআইতে দায়িত্ব পালনকালে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান।
ব্যারিস্টার মোশাররফ হোছাইন ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার, সিআইডির সদর দপ্তর, চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া বাংলাদেশ পুলিশ একাডেমি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ সদর দপ্তর এবং বিভিন্ন রেঞ্জে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
শিক্ষাজীবনে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘বার-অ্যাট-ল’ সম্পন্ন করেন। পাশাপাশি ফরেনসিক ল্যাবরেটরি ও আধুনিক পুলিশিং বিষয়ে মালয়েশিয়া, পাকিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি।
গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আশ্বাস প্রধানমন্ত্রীর
সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৩৬৪ শিক্ষার্থীর