জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তথ্যচিত্রের ‘ত্রুটি’: দুঃখ প্রকাশ করল মন্ত্রণালয়

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৯:১৯ এএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রদর্শিত তথ্যচিত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ও অবদান যথাযথভাবে তুলে ধরা না হওয়ায় সৃষ্ট বিতর্কের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়। একই সঙ্গে তথ্যচিত্রে থাকা ত্রুটিগুলো দ্রুত সংশোধন করে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে পুনরায় জনসমক্ষে প্রকাশের আশ্বাস দেওয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’ অনুষ্ঠানে প্রদর্শিত তথ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ ও অবদান যথাযথভাবে প্রতিফলিত না হওয়ায় যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে জন্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

এতে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির উপস্থিতিতে অনুষ্ঠান চলাকালে বিষয়টি উত্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গেই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী উপস্থিত অতিথিদের কাছে দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি জানান, তথ্যচিত্রে কোনো ধরনের ত্রুটি বা অসম্পূর্ণতা থাকলে তা দ্রুত সংশোধন করা হবে। প্রতিমন্ত্রীও এ অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস যথাযথ ও পূর্ণাঙ্গভাবে তুলে ধরার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার মতামত গ্রহণ করে তথ্যচিত্রটি সংশোধন করা হবে এবং অল্প সময়ের মধ্যেই তা আবারও জনসমক্ষে উন্মুক্ত করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রদর্শিত তথ্যচিত্রে জুলাই আন্দোলনের ধারাবাহিকতার কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা, ৯ দফা কর্মসূচি, ৩ আগস্ট ঘোষিত এক দফা এবং সংশ্লিষ্ট ঐতিহাসিক ঘটনাবলি যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তবে এটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। কোনো ব্যক্তি, সংগঠন বা গণঅভ্যুত্থানে অবদান রাখা কোনো পক্ষকে খাটো করা, উপেক্ষা করা কিংবা ইতিহাসের কোনো অংশ আড়াল করার উদ্দেশ্য মন্ত্রণালয়ের ছিল না এবং এখনও নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসকে নির্ভুল, তথ্যনির্ভর ও অন্তর্ভুক্তিমূলকভাবে সংরক্ষণে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, গবেষক এবং আন্দোলনের প্রতিনিধিদের মতামত নিয়ে তথ্যচিত্রটি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, সংশোধিত তথ্যচিত্র দ্রুত পুনরায় প্রকাশ করা হবে, যাতে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস, ঘটনাপ্রবাহ এবং সংশ্লিষ্ট সব পক্ষের গুরুত্বপূর্ণ অবদান যথাযথ মর্যাদা ও ঐতিহাসিক সত্যতা বজায় রেখে উপস্থাপিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আবারও এ ঘটনায় সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে সবার গঠনমূলক মতামত, সহযোগিতা ও সহমর্মিতা কামনা করে জানায়, সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক ইতিহাস সংরক্ষণই তাদের অঙ্গীকার।

Maz
আরও পড়ুন