প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০২:০৯ এএম

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তিনি প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পৌঁছাবেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি শনিবার বিকেলে সফরের এই তথ্য নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী সকাল ১০টা ৩০ মিনিটে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মিডা’র কার্যক্রম পরিদর্শন করবেন।

এরপর বাহাছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংক্রান্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে।

দুপুর ১টা ৩০ মিনিটে ফটিকছড়ির পেহেলগাজী দিঘির মাঠে নেমে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাবেন তিনি।

সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।

বিকেল পৌনে ৪টায় হাটহাজারী ডাকবাংলোতে ক্ষণিক বিরতি শেষে ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যা দুর্গতদের সাহায্যার্থে আয়োজিত কর্মসূচিতে থাকবেন।

সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু অডিটরিয়ামে সাংগঠনিক সভা শেষে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তথ্যসূত্র
সূত্র: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি কর্তৃক ঘোষিত আনুষ্ঠানিক সফরসূচি।

HN
আরও পড়ুন