২ দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ এএম

দুই দিনের সরকারি সফরে আগামী ৬ সেপ্টেম্বর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর জন্মভূমিতে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর। তার এই আগমনকে কেন্দ্র করে গোটা জেলাজুড়ে চলছে উৎসবের আবহ ও ব্যাপক প্রস্তুতি।

সফরকে সামনে রেখে ঠাকুরগাঁও শহর ও আশপাশের এলাকায় সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় এবং সরকারি ভবনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি রং করা হচ্ছে।

সফরের বিস্তারিত সূচি

নির্ধারিত সূচি অনুযায়ী, ৬ সেপ্টেম্বর বিকাল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন রাষ্ট্রপতি। এ বিষয়ে নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির জানান, রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন।

জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি সেনুয়া গোরস্থানে পিতার কবর জিয়ারত করবেন। নিজ বাসভবনে সাময়িক বিশ্রাম শেষে তিনি সরাসরি নাগরিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।

সফরের দ্বিতীয় দিন, ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর এলাকায় কাঙ্ক্ষিত 'ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এইচএন
আরও পড়ুন