জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষায়িত শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত স্কুলটি পরিদর্শন করেন তিনি।
ডা. জুবাইদা রহমান স্কুলে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স’ উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের (ওডব্লিউসিসি) সভাপতি সালেহা খান। এ সময় স্কুলের শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়।
পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান স্কুলের বিভিন্ন শ্রেণি কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত থেরাপি কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি হাইড্রোথেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি ও মিউজিক থেরাপি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

স্কুল কর্তৃপক্ষ জানায়, বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ২৮ জন শিক্ষক ও থেরাপিস্ট বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে সহায়তার লক্ষ্যে এসব কার্যক্রম পরিচালনা করছেন। এ সময় স্কুলের অধ্যক্ষ শিক্ষা ও কারিগরি শিক্ষা কার্যক্রম, থেরাপি সুবিধা, মেডিকেল ইমার্জেন্সি ব্যবস্থাসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রধান অতিথিকে অবহিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে ২০২১ সালে ‘ব্লু স্কাই’ স্কুল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক ও একজন সিস্টার বা ব্রাদারের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে এ স্কুলের মাধ্যমে বহু বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মূলধারার শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়েছে। এ ছাড়া, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে কারিগরি শিক্ষা কার্যক্রমের আওতায় ইতোমধ্যে কয়েকজনকে সহকারী থেরাপিস্ট হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে।

পরে ডা. জুবাইদা রহমান বাফওয়ার বিভিন্ন কার্যক্রমের অংশ ‘বাফওয়া কর্নার’ পরিদর্শন করেন। এ সময় তিনি বাফওয়া ক্রাফটস অ্যান্ড বুটিক, বাফওয়া দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রকল্প ও বাফওয়া ইন্ডাস্ট্রিয়াল হোমের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের তৈরি বিভিন্ন হস্তশিল্পসামগ্রীও দেখেন।

পরিদর্শন শেষে ‘ব্লু স্কাই’ স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ডা. জুবাইদা রহমান। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্কুলটিতে দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা এবং নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বাফওয়ার নেওয়া উদ্যোগগুলোর প্রশংসা করেন।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী ও সদস্যরা, বাফওয়া এ কে খন্দকার ও বাশার-এর সভানেত্রী ও সহ-সভানেত্রীসহ বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিষিদ্ধ আওয়ামী লীগ ফজরের পর মিছিল করে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বৃদ্ধি
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি আনোয়ারুল