এনআইডির ভুলে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ এএম

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের ভুলের কারণে দীর্ঘদিন বেতন-বোনাস না পাওয়া শিক্ষক-কর্মচারীদের জন্য বকেয়া অর্থ পাওয়ার পথ খুলেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, এনআইডির তথ্যের ভুলের কারণে আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত যেসব শিক্ষক-কর্মচারীর এক বা একাধিক মাসের বেতন-বোনাস আটকে আছে, এখন সেসব মাসের বিল পুনরায় সাবমিট করা যাবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত সেপ্টেম্বর মাসের বেতন বিল সাবমিট-সংক্রান্ত নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ সময়ের মধ্যে যে মাস বা মাসগুলোর বেতন-বোনাস বকেয়া রয়েছে, সেগুলোর বিল প্রতিষ্ঠানের প্যানেল থেকে মাসওয়ারি সাবমিট করা যাবে। এ জন্য প্রতিষ্ঠানগুলোর প্যানেলে প্রয়োজনীয় অপশন যুক্ত করা হয়েছে।

তবে ব্যাংক-সংক্রান্ত তথ্যের ভুলের কারণে যথাসময়ে সাবমিট করা এমপিওর অর্থ ব্যাংকে জমা না হয়ে ফেরত এলে সেটিকে বকেয়া হিসেবে নতুন করে বিল সাবমিট করতে হবে না। এ ধরনের অর্থ ‘EFT salary Bounce’ অপশনে সংশ্লিষ্ট শিক্ষকের নাম যুক্ত হওয়ার পর প্রয়োজনীয় তথ্য সংশোধন করে পুনরায় পাঠানোর ব্যবস্থা করা হবে।

মাউশি জানিয়েছে, সেপ্টেম্বর ২০২৬ মাসের এমপিও বিল আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে সাবমিট করতে হবে। একই সময়ের মধ্যে প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত বকেয়া মাসগুলোর বিলও মাসওয়ারি সাবমিট করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দিয়েছে মাউশি। ফলে এনআইডির তথ্যগত ত্রুটির কারণে দীর্ঘদিন বেতন-বোনাস থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের আটকে থাকা অর্থ পাওয়ার প্রক্রিয়া এখন শুরু করা সম্ভব হবে।

এমইউ
আরও পড়ুন