সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার ৬

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম

রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই রাতে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাট শুরু হয়। চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে একপর্যায়ে পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায় বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

ওই রাতে নিউগিনি প্রপার্টিজের পাশাপাশি সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের পক্ষ থেকে মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন।

ঘটনার পর মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না। পরে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এতে ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়জনে।

এএম
আরও পড়ুন