দর্শকদের মনোযোগ ধরে রাখার তীব্র প্রতিযোগিতা এবং ইউটিউবসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের চাপে পড়ে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীবাহিনীর ৬ শতাংশ, অর্থাৎ প্রায় ১ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। ২০২২ সালের পর এটিই নেটফ্লিক্সের সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘটনা।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে এ সিদ্ধান্তের কথা জানান প্রতিষ্ঠানটির সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা (কো-সিইও) গ্রেগ পিটার্স ও টেড সারান্ডোস। ছাঁটাইয়ের বড় অংশটি হবে নেটফ্লিক্সের পণ্য উন্নয়ন, প্রযুক্তি, আইনি এবং মানবসম্পদ বিভাগে।
কর্মীদের পাঠানো ওই বার্তায় তাঁরা উল্লেখ করেন, ‘আমাদের লক্ষ্য বিশ্বকে বিনোদন দেওয়া। তাই আমরা খুবই উচ্চাভিলাষী। আর সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের কর্মী ও সম্পদের অগ্রাধিকার নির্ধারণে কঠোর হতে হবে।’
তাঁরা আরও বলেন, ‘আমাদের ব্যবসা শক্তিশালী ও ক্রমবর্ধমান রয়েছে এবং আমরা পুরো বছরের লক্ষ্য অর্জনের জন্য সঠিক পথেই আছি।’
চলতি বছরে এখন পর্যন্ত নেটফ্লিক্সের শেয়ারের দর প্রায় ২৫ শতাংশ কমেছে। তবে বুধবার (১৪ অক্টোবর) প্রতিষ্ঠানটির শেয়ারের দর ০.৭ শতাংশ বেড়েছে। গত বছরের শেষ নাগাদ নেটফ্লিক্সে প্রায় ১৬ হাজার কর্মী কর্মরত ছিলেন।
এর আগে ২০২২ সালে হঠাৎ গ্রাহকসংখ্যা কমে যাওয়ার পর দুই দফায় প্রায় ৪৫০ কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি।
ঢাকার দূষণ দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী
সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখের বেশি পদ শূন্য