তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ ও ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে নতুন মজুরি বোর্ড (ওয়েজ বোর্ড) গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
পোশাকশ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান রোববার (১ নভেম্বর) থেকে মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে। সংবাদ সম্মেলনে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি শিল্পকারখানা সচল রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাদের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নে কাজ করবে সরকার।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী বলেন, ‘আপনাদের মাধ্যমে আমি আমার সব শ্রমিক ভাই ও বোনদের প্রতি আহ্বান জানাব। আপনাদের নেতাদের সঙ্গে আমার অত্যন্ত ফলপ্রসূ আলাপ হয়েছে। রোববার সকাল থেকে এর কার্যক্রম শুরু হবে।’ শ্রমিক নেতাদের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে তিনি বলেন, তাদের দেওয়া বক্তব্যগুলোর বিষয়ে অবশ্যই আমাদের কিছু করণীয় আছে। তারা যা যা বলেছেন, তা নিয়ে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটা একটা করে আমরা কাজ করব। আমাদের যেমন শিল্পকারখানা রক্ষা করতে হবে, পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়াগুলোও আদায় করতে হবে।
বর্তমান সরকারের সময়ে শ্রমিকদের মজুরি পরিশোধের বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে আপনারা দেখেছেন, এই সরকার ক্ষমতায় আসার পরে দুটি ঈদসহ বিভিন্ন পর্বে আমরা শ্রমিকদের মজুরি দিতে সক্ষম হয়েছি। মজুরি বোর্ড গঠনের কার্যক্রম দ্রুত শুরু করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমি আশা করি, আগামী দু-এক দিনের মধ্যেই, মানে রোববার থেকে শ্রমিক ভাইদের কাঙ্ক্ষিত যেটা, সেটা নিয়ে কার্যক্রম শুরু হবে।’
রাজধানীতে ৯৮ বাস রুট কমে হচ্ছে ৩২, ছয়টি চালু আজ
মিরপুরে ফের পোশাক শ্রমিকদের অবরোধ