প্রযুক্তি ও সৃজনশীলতার দিক থেকে অসাধারণ হলেও ‘গ্রান্ড থেফট অটো-৬’ বা জিটিএ -৬ শিশুদের জন্য উপযুক্ত নয় বলে সতর্ক করেছেন গেমটির দীর্ঘদিনের একজন খেলোয়াড় ও বাবা কেজা ম্যাকডোনাল্ড। তার মতে, সহিংসতা, যৌনতা, নগ্নতা, মাদক এবং অশালীন কথাবার্তায় ভরপুর গেমটি কেবল প্রাপ্তবয়স্কদের জন্যই তৈরি। তাই শিশুদের নাগালের বাইরে রাখা উচিত এটি। খবর গার্ডিয়ানের।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ভিডিও গেমের ১৮+ রেটিংকে গুরুত্ব দেয়া জরুরি। এই রেটিং মানে গেমটি কঠিন, এমন না; বরং এতে প্রাপ্তবয়স্কদের উপযোগী বিষয়বস্তু থাকার সতর্কবার্তা দেয়।
জিটিএ সিরিজের গেমগুলো অপরাধ ও সহিংসতাকে কেন্দ্র করে তৈরি। জিটিএ-৬-এর গল্পও ভাইস সিটিতে দুই পলাতক অপরাধী জেসন ও লুসিয়াকে ঘিরে আবর্তিত হয়েছে।
গেমটিতে গাড়ি চুরি, মাদক পাচার, গুলি চালানো, ডাকাতি এবং হত্যাকাণ্ডের মতো কর্মকাণ্ড রয়েছে। এ ছাড়া নির্মম হত্যাকাণ্ড, পুলিশের সহিংস অভিযান ও নির্যাতনের দৃশ্যও দেখা যায়।
কেজার মতে, অতীতে প্লেস্টেশন ২-এর গ্রাফিকসে যে সহিংসতা দেখা যেত, বর্তমান প্লেস্টেশন ৫-এর বাস্তবসম্মত গ্রাফিকসে তা অনেক বেশি জীবন্ত ও ভয়াবহ হয়ে উঠেছে। ফলে নয় বা দশ বছর বয়সী শিশুদের জন্য এসব দৃশ্য অনুপযুক্ত।
জিটিএ-৬-এর আরেকটি উদ্বেগজনক দিক হলো যৌনতা ও নগ্নতার উপস্থাপন। আগের গেমগুলোর তুলনায় এতে যৌন বিষয়বস্তু আরও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। গেমে প্রধান দুই চরিত্রের যৌন দৃশ্য, নারী-পুরুষের নগ্নতা এবং অনলিফ্যানস-এর আদলে তৈরি একটি কাল্পনিক অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। একটি মিশনে পর্নোগ্রাফি চলচ্চিত্রের শুটিং দেখানো হয়। আবার কয়েকটি মিশনের পটভূমিতে রয়েছে স্ট্রিপ ক্লাব ও বার।
এমনকি হোটেলের ভুল কক্ষে প্রবেশ করলে যৌন উন্মত্ততার দৃশ্য কিংবা নগ্ন ব্যক্তির শরীরের ওপর সাজানো খাবার খাওয়ার দৃশ্যও দেখা যেতে পারে। লেখকের মতে, এ ধরনের বিষয়বস্তু শিশুদের সামনে তুলে ধরার কোনো যৌক্তিকতা নেই।
গেমটিতে মাদকও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে। মাদক চুরি, পাচার, বিক্রি ও সেবনের মতো কর্মকাণ্ড রয়েছে এতে। ভাইস সিটির অনেক চরিত্রকে কোকেনের প্রতি আসক্ত হিসেবে দেখানো হয়েছে।
বিভিন্ন পার্টির দৃশ্যেও মাদকের উপস্থিতি রয়েছে। খেলোয়াড় চাইলে প্রধান চরিত্রদের দিয়েও মাদক গ্রহণ করাতে পারেন।
২০১৪ সালে নিজের সৎছেলের নবম জন্মদিনের অনুষ্ঠানে এক শিশুর অনুরোধ সত্ত্বেও জিটিএ-৫ চালু করতে রাজি হননি কেজা। কারণ, গেমটিতে মাদক, সহিংসতা ও যৌনতার মতো বিষয় ছিল। পরে শিশুটির মাকে গেমটির ১৮+ রেটিং সম্পর্কে জানালেও তিনি অবাক হয়ে বলেছিলেন, তার সন্তান তো গেমটি ভালোই খেলতে পারে।
এই ঘটনা থেকে কেজার উপলব্ধি, অনেক অভিভাবকই ভিডিও গেমের বয়সভিত্তিক রেটিংয়ের গুরুত্ব বোঝেন না। কোনো শিশু একটি গেম ভালো খেলতে পারলেই যে সেটি তার বয়সের উপযোগী হবে, এমন নয়।
নিজের ৭ ও ১০ বছর বয়সী দুই সন্তানের প্রসঙ্গ টেনে লেখক বলেন, তিনি চান না তার সন্তানরা জিটিএ-৬-এর এসব দৃশ্য দেখুক বা শুনুক। ৭০ ঘণ্টার বেশি সময় ধরে গেমটি খেলার অভিজ্ঞতা থেকে তার বক্তব্য, এটি শিশুদের জন্য নয়।
জিটিএ৬-এর খরচ দিয়ে আরেকটা বুর্জ খলিফা বানানো যেত!