আমার নিরাপত্তা এখন নিজেকেই দিতে হচ্ছে: ব্যারিস্টার সুমন

আপডেট : ৩০ জুন ২০২৪, ১২:৫৮ পিএম

সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমার নিরাপত্তা এখন আমার নিজেকেই দিতে হচ্ছে। আমি এটাই বুঝলাম না যে, এই রাষ্ট্রযন্ত্র আদৌও আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না? রোববার (৩০ জুন) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, আমাকে হত্যার হুমকির কথা আমি আমার এলাকার ওসির মাধ্যমে জেনেছি। এরপর গত রাতে আমি জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় জিডি করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে- আমি একজন সংসদ সদস্য আমাকে কেন জিডি করতে হলো? যেহেতু পুলিশই বিষয়টি আমার আগে জেনেছেন। তাহলে কেন পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে পদক্ষেপ নিলেন না? তদন্ত করলেন না? যেখানে আমার জীবনের ঝুঁকি রয়েছে। 

তিনি আরও বলেন, আমার মনে হচ্ছে পুলিশ একটি অপমৃত্যুর মামলা লেখার জন্য বসে আছে। সাক্ষী দেওয়ার জন্য বসে আছে। তবে বর্তমান পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে আমার কথা হয়েছে। তিনি ভালোভাবে বিষয়টি দেখছেন বলেছেন।

উল্লেখ্য, অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল হত্যার জন্য টিম নিয়ে মাঠে নেমেছ জেনে শনিবার (২৯ জুন) রাতে শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। ওই সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২টার সময় আমার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারী মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান, ‘আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে।

আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন। তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি।

MB/FI
আরও পড়ুন