কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন এবং হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২২ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর পাঠানো এক বিবৃতিতে এই শোকবার্তা জানানো হয়।
বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উদযাপনের এই আনন্দঘন মুহূর্তে এমন মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। প্রতিটি জীবনই মূল্যবান এবং প্রতিটি অকাল মৃত্যু অপূরণীয় ক্ষতি। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
জনগণের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, ‘নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না। রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থার দুর্বলতাগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।’
প্রধানমন্ত্রী দুর্ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন। কুমিল্লায় ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তিনি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবং নিহতদের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। কুমিল্লা ও হবিগঞ্জের পাশাপাশি ফেনী, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতিও তিনি গভীর সমবেদনা জানিয়েছেন।
শনিবার দিবাগত রাতে কুমিল্লায় মেইল ট্রেনের ধাক্কায় মামুন পরিবহনের একটি বাস দুমড়ে-মুচড়ে ১২ যাত্রী নিহত হন। অন্যদিকে, রোববার সকালে হবিগঞ্জের মাধবপুরে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে চালকসহ ৪ জন প্রাণ হারান।
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: নিহত ১২ জনের পরিচয় মিলেছে
হবিগঞ্জে বাস-পিকআপের সংঘর্ষ, নিহত ৪
ফেনীতে ৪ বাসের সিরিজ সংঘর্ষে নিহত ৩
বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ২০
