বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ২০

আপডেট : ২২ মার্চ ২০২৬, ১০:৩২ এএম

ঢাকা থেকে বান্দরবানগামী একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে গেছে। এতে অন্তত ২০ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসের সুপারভাইজারসহ ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।

ভোররাতে বিকট শব্দে বাসটি খাদে পড়ে গেলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনার ভয়াবহতা দেখে আহত পর্যটকদের দ্রুত উদ্ধারে সহযোগিতার জন্য সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। মসজিদের মাইকে ঘোষণা শুনে ঘুম থেকে উঠে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে ঝাপিয়ে পড়েন। পরে খবর পেয়ে বান্দরবান সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। আমরা বাসের ভেতর থেকে পর্যটকদের উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। অধিকাংশেরই শরীরে ছোটখাটো চোট লেগেছে, তবে ৫ জন গুরুতর জখম হয়েছেন।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, ‘বাসটিতে চালক, হেলপার ও সুপারভাইজারসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন। তারা সবাই ঢাকা থেকে বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে আসছিলেন। দুর্ঘটনায় অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সম্মিলিতভাবে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’

NB/
আরও পড়ুন