একদিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ক্ষমতায় যারাই আসুক, জালিম যেন না হয় বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট তিনি এ মন্তব্য করেন।
ফাতিমা তাসনিম জুমা লিখেছেন, ‘আর মাত্র ১ দিন পর বহুল- কাঙ্ক্ষিত ভোট। ক্ষমতা যার হাতেই যাক, সে যেন জনগণের বন্ধু হয়, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন হয়। রক্তের উপর দাঁড়িয়ে যেন জালিম হয়ে না উঠে।’

তিনি লেখেন, ‘সেদিন জুমা’র নামাজের পর মসজিদ চত্বরে বসে সবার টেক্সট পড়ে কে কী দোয়া করতে বলছে করছিলাম। ভাবি (শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী) লিখেছেন, দোয়া করবা ইনকিলাবের জুমা সব সময় যেন ইনকিলাবেরই থাকে।’
তিনি আরও লেখেন, ‘ভাইয়ের (শহীদ শরীফ ওসমান হাদির) মেসেজ কী হবে আমার জানা ছিল। ভাই লিখেছেন, ইনকিলাব মঞ্চের জন্য দোয়া করো, আমাদের সব ভাই-বোনদের জন্য দোয়া করো।’
ফাতিমা তাসনিম জুমা লেখেন, ‘মেসেজটি দেখার আগেই আমি মোনাজাতে দোয়া করেছিলাম আল্লাহ যেন ইনকিলাব মঞ্চকে অনেক বড় করে, আমাদের এত কষ্টের প্রচেষ্টা, এই সংগ্রাম যেন দেশের কানায়-কানায় ছড়িয়ে পড়ে। ভাইয়ের (শহীদ ওসমান হাদির) জন্য দোয়া করেছিলাম আল্লাহ যেন ভাইয়ের যোগ্যতা অনুসারে তাকে সম্মানিত করেন। আমরা যারা ভাইয়ের সাথে থাকতাম আমরা তো জানতাম ভাই কতখানি জ্ঞানী এবং যোগ্যতাসম্পন্ন ছিলেন। সেই অনুপাতে তাকে কম গ্লানি সহ্য করতে হয়নি। সেই জায়গা থেকে চাইতাম গুটি কয়েক অমানুষের ষড়যন্ত্র ছাপিয়ে তার সম্মান যেন সারা দেশ করে। আমি ঘুণাক্ষরেও টের পাইনি আমার দোয়া ভাইয়ের মৃত্যুর মধ্যে দিয়ে বাস্তবায়ন হবে। আল্লাহ ভাইয়ের দুই হাতকে এতো বেশি পছন্দ করেছেন যে কোটি হাতকে রিজেক্ট (বাতিল) করে তার দুই হাতকেই কেবল কবুল করেছেন।’
তিনি লেখেন, ‘ভাই (শহীদ ওসমান হাদি) কী সুন্দর করে সমস্ত দেশ, দেশের স্বাধীনতা, বিশ্বের নিপীড়িত মানুষের জন্য দোয়া করতেন মোনাজাতে! আমার ভীষণভাবে বিশ্বাস, আল্লাহ এই দোয়াগুলোও কবুল করবেন।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জুমা লিখেছেন, ‘আর মাত্র ১ দিন পর বহুল- কাঙ্ক্ষিত ভোট। কী হবে কী হবে না এই নিয়ে আমি বেশি চিন্তিত নই। কারণ, আমি প্রচণ্ড রকমের অপ্টিমিস্টিক (আশাবাদী), আল্লাহর সিদ্ধান্তের উপর তাওয়াক্কুল করা মানুষ। আমি বিশ্বাস করি যেই সরকারই ক্ষমতায় আসুক, আল্লাহ বাংলাদেশের ভাগ্যাকাশে এমন কিছু লিখবেন না যেটাতে আমাদের দুই হাজারের অধিক শহীদের তাজা রক্ত বৃথা যাবে।’
নতুন সরকারের জন্য প্রার্থনা করে তিনি লিখেছেন, ‘প্রার্থনা একটাই, ক্ষমতা যার হাতেই যাক, সে যেন জনগণের বন্ধু হয়, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন হয়। রক্তের উপর দাঁড়িয়ে যেন জালিম হয়ে না উঠে।’
তিনি আরও লিখেছেন, ‘যদি জালিম হয়ও, আমি ব্যক্তিগতভাবে খুব বেশি চিন্তিত নই। কারণ, আমি উপরের দুই দোয়ার সাথে আরও একটা দোয়া করেছিলাম, আল্লাহ যেন আমাদের, ইনকিলাবের হাত দিয়েই জালিমের ধ্বংস করান, আমাদের পরবর্তী প্রজন্ম যেন সেই ঈমানী শক্তি ও জুলাইয়ের জজবা নিয়ে জন্মায়। আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। ইলেকশন যেই জিতুক, লং রানে যেন বাংলাদেশই জিতে।’

