জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য নির্বাচনী জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম বলেছেন, ‘আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। প্রশাসন যদি পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করে, তবে আমাদের কোনো অভিযোগ থাকবে না।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিন তিনি বাবা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে সাধারণ ভোটারদের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দেন।
সারজিস আলম জানান, তিনি পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় নির্বাচনী জোটের প্রতীক ‘শাপলা কলি’তে এবং গণভোটে ‘হ্যাঁ’ সূচক ভোট দিয়েছেন।
তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা তৈরি হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে তার প্রতিফলন ঘটবে বলে আমরা বিশ্বাস করি।’
নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে সারজিস অভিযোগ করেন, বিগত কয়েক দিনে তার আসনের বিভিন্ন এলাকায় বিএনপির কিছু নেতাকর্মী ভোটারদের বাধা ও হুমকি দিয়ে ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করেছেন।
তিনি বলেন, ‘আমরা চাই না অভিযোগ করার মতো কোনো পরিবেশ তৈরি হোক। তবে কোথাও পেশিশক্তির প্রয়োগ বা ফলাফল প্রভাবিত করার চেষ্টা হলে আমরা প্রথমে প্রশাসনের ওপর আস্থা রাখব। প্রশাসন ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।’
তিনি আরও বলেন, ‘পঞ্চগড়-১ আসনের ১৫৫টি কেন্দ্রে যদি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়, তবে জনগণের যেকোনো রায় মেনে নিতে আমরা প্রস্তুত। গত দেড় বছরে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড বিবেচনা করেই ভোটাররা তাদের রায় দেবেন।’
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে এই প্রার্থী বলেন, ‘পুরো আসনে ১১ দলীয় জোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সব দল সহনশীল আচরণ করলে ২৩টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আমরা বিজয়ী হব।’
গুলশানে ভোট দিলেন প্রধান উপদেষ্টা
নির্বাচন কেমন হচ্ছে তা জনগণই মূল্যায়ন করবে: সিইসি
