ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। ঢাকা-১৫ (মিরপুর-ক্যান্টনমেন্ট) আসনের ১টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই কেন্দ্রে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে রয়েছেন।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ওই কেন্দ্রে ডা. শফিকুর রহমান পেয়েছেন ১,৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী (ধানের শীষ) শফিকুল ইসলাম খান পেয়েছেন ১,০৭৫ ভোট।
ঢাকা-১৫ আসনটি মিরপুর ও ডিএনসিসির ৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। ১২৭টি কেন্দ্রে আজ বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ‘ভোটযুদ্ধ’ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে তরুণ ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০০৮ সালের পর এই প্রথম এত বিপুল সংখ্যক (৫১টি) রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিল। ২ হাজার ২৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে আজ রায় দিয়েছেন দেশের কোটি কোটি ভোটার।
তবে নির্বাচনের দিনে কিছু বিচ্ছিন্ন ঘটনার খবরও পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে, সারা দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এছাড়া ৫৯টি জায়গায় জালভোট এবং ৩টি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে সব কেন্দ্রে জোরকদমে ভোটগণনা চলছে এবং সন্ধ্যার পর থেকেই পূর্ণাঙ্গ ফলাফল আসতে শুরু করবে।
ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
