মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিসভায় যাব না: গয়েশ্বর

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম

মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো মন্ত্রিসভায় যোগ দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান থেকে মাঝপথে বেরিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমি জানতাম আমি মন্ত্রী হব না, এটা জেনেই সেদিন শপথ অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি আপনাদের বলে গেলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমি আর মন্ত্রিপরিষদে যোগ দেব না।’

সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে প্রবীণ এই নেতা জানান, জ্যেষ্ঠ নেতা হিসেবে তাকে সামনের সারিতে আসন দেওয়া হয়েছিল। কিন্তু অনুষ্ঠানস্থলের এক কর্মকর্তা প্রটোকল না বুঝে মন্ত্রী ছাড়া সবাইকে আসন ছেড়ে দিতে বলেন। এমনকি আসন না ছাড়লে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ডাকার হুমকিও দেওয়া হয়। এমন অপদস্থ পরিস্থিতিতে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘আমি জনগণের প্রতিনিধি। শেষ পর্যন্ত মানুষের পক্ষে লড়াই করব এবং নিয়ম প্রতিষ্ঠার চেষ্টা করব। অনেকে প্রচার করছেন আমি মন্ত্রী হতে না পেরে রাগ করে চলে এসেছি, যা সম্পূর্ণ ভুল এবং সংবাদমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে।’ তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া ও আফতাব আহমেদ এবং কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।

DR/SN
আরও পড়ুন