হাসপাতালে ভর্তি সারজিস আলম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে সারজিস আলম হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হঠাৎ করেই ভাইয়ের পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। সুস্থতার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাইছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান এই নেতা বর্তমানে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশজুড়ে ব্যস্ত সময় পার করছিলেন। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

FJ
আরও পড়ুন