সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়রপ্রার্থী ঘোষণা 

আপডেট : ০১ মে ২০২৬, ০৪:১১ পিএম

আগামী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে বড় চমক নিয়ে এল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের এক দায়িত্বশীল সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সম্মেলনে সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। জামায়াতের একাধিক জ্যেষ্ঠ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। 

দলীয় সূত্র জানায়, আগামী দু-এক দিনের মধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রার্থিতার ঘোষণা দেওয়া হবে।

নির্বাচনি প্রস্তুতি হিসেবে সাদিক কায়েম ইতোমধ্যে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিজ জেলা খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। বর্তমানে তিনি নির্বাচনি প্রচারণা ও মাঠ পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘ঢাকার দুটি সিটি করপোরেশনের জন্যই আমাদের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে।’

সাদিক কায়েম ছাত্র রাজনীতির পর মূলধারার রাজনীতিতে এসে ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনে জামায়াতের হয়ে কেমন প্রভাব ফেলেন, এখন সেটিই দেখার বিষয়।

FJ
আরও পড়ুন