চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ আজ

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৯:০১ এএম

গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য।

শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে সফল করতে ইতোমধ্যে মাঠের এক পাশে বিশাল মঞ্চ তৈরি করাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকেরা।

চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন জানান, সমাবেশটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। সবশেষ শুক্রবার ১১ দলের নেতারা সমাবেশস্থল পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নিয়েছেন।

জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

এছাড়াও সমাবেশে শীর্ষ নেতাদের মধ্যে বক্তব্য দেবেন:

  • ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), চেয়ারম্যান, এলডিপি
  • নাহিদ ইসলাম এমপি, আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিরোধী দলীয় চিফ হুইপ
  • আল্লামা মামুনুল হক, আমির, বাংলাদেশ খেলাফত মজলিস
  • মাওলানা সাখাওয়াত হোসাইন, সিনিয়র নায়েবে আমির, খেলাফত মজলিস
  • ডা. মোস্তাফিজুর রহমান ইরান, চেয়ারম্যান, বাংলাদেশ লেবার পার্টি
  • ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, মুখপাত্র, জাগপা
  • মাওলানা মুসা বিন ইজহার, মহাসচিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি
  • অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান, চেয়ারম্যান, বিডিপি
  • ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক, এবি পার্টি

জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, এই সমাবেশ কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশের সাধারণ মানুষের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবিকে জোরালোভাবে তুলে ধরার একটি গণমঞ্চ। আয়োজকদের প্রত্যাশা, সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আজকের এই সমাবেশ একটি বিশাল জনসমুদ্রে পরিণত হবে।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত