গুমের ঘটনার তদন্ত বিএনপি সরকার চায় না: নাহিদ ইসলাম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

বিএনপি সরকার গুমের অভিযোগের সুষ্ঠু তদন্ত চায় না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, অতীতে বিএনপি গুমের ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি জানালেও এখন দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও তদন্তের সুযোগ দেওয়া হচ্ছে না। একই সঙ্গে মানবাধিকার কমিশনকে দুর্বল করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপি আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘বিএনপি সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন এবং নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে’ এ কর্মসূচির আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, গুমের প্রতিটি ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে মানবাধিকার কমিশনকে কার্যকরভাবে কাজ করার সুযোগ দিতে হবে এবং সাইবার আইনও নাগরিকের অধিকার বিবেচনায় নিয়ে প্রণয়ন করা প্রয়োজন।

তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদে এমন কিছু আইন পাস করা হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার নিয়ে প্রশ্ন তৈরি করছে। তার ভাষ্য, যে গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের জন্য আন্দোলন করা হয়েছিল, সেগুলো এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। মোংলার মিরাজ শেখের গুমের অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকার বিষয়টি স্বীকার করছে না এবং দেশে বিরোধী মত দমনের প্রবণতা তৈরি হয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ের দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কাজে লাগানো যেতে পারে। তবে তার অভিযোগ, বর্তমান সরকার দুদককে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করছে।

বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে সরকারের বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তার দাবি, দেশে নাগরিক অধিকার ও বিরোধী মত দমনের প্রবণতা অব্যাহত থাকলে জনগণ আন্দোলনের মাধ্যমে এর প্রতিবাদ করবে।

এম.সি. এইচ
আরও পড়ুন