তুরস্কে গেলেন জামায়াত আমির

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পিএম

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা হন জামায়াত আমির।

এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।

‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনটির আয়োজন করা হয়েছে। ইস্তাম্বুল ইউনিভার্সিটি ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।

সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন জামায়াত আমির। আগামী ১১ অক্টোবর সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।

এমইউ
আরও পড়ুন