নিজস্ব প্রতিবেদক: বিএনপি ও সমমনা দলগুলো সারাদেশে তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। রোববার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার (৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর) সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় শনিবারের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে এই সংঘর্ষ অন্য এলাকাতেও ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।

