আনুষ্ঠানিকভাবে পবিত্র হজ শুরু

আপডেট : ২৫ মে ২০২৬, ০২:৪২ পিএম

সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পবিত্র হজের মূল কার্যক্রম। আজ সোমবার (৮ জিলহজ) থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হজযাত্রী মক্কা থেকে মিনার দিকে যাত্রা করেছেন।

গতকাল রবিবার রাত থেকেই আল্লাহর মেহমানরা ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে তালবিয়া পাঠ করতে করতে তাঁবুর নগরী খ্যাত মিনার উদ্দেশ্যে রওনা হন। হজের প্রাথমিক পর্যায়ের কার্যক্রম এই মিনাতেই সম্পন্ন হয়ে থাকে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যে ১৫ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের সঙ্গে দেশটির অভ্যন্তরীণ হজযাত্রীরাও এই হজের কার্যক্রমে যুক্ত হয়েছেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হজযাত্রীদের মিনায় স্থানান্তর, পরিবহন এবং থাকা-খাওয়ার সব ব্যবস্থা আগে থেকেই সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। তাঁবুতে প্রবেশ ও সেবা ব্যবস্থাপনার জন্য বিশেষ সমন্বিত ব্যবস্থা চালুর পাশাপাশি মাঠপর্যায়ে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে, যাতে হজযাত্রীদের কোনো সমস্যা না হয়। ধর্মীয় নিয়ম অনুযায়ী, ‘ইয়ামুত তারবিয়া’র দিন থেকে হজের এই মূল আনুষ্ঠানিকতা শুরু হলো, যা পরবর্তী কয়েক দিন ধরে চলবে।

SN
আরও পড়ুন