আগামী দশকের মাঝামাঝি সময়ের মধ্যেই বিশ্বের সর্বাধিক অনুসারীর ধর্ম হিসেবে খ্রিস্টধর্মকে পেছনে ফেলতে যাচ্ছে ইসলাম। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার সম্প্রতি এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে।
গবেষণা বলছে, মুসলিম নারীদের সন্তান জন্মদানের উচ্চহারই বৈশ্বিক ধর্মীয় পরিসংখ্যানে এই বড় পরিবর্তনের পথ তৈরি করছে। অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর তুলনায় মুসলিমদের মধ্যে প্রজনন হার উল্লেখযোগ্যভাবে বেশি।
দীর্ঘদিন ধরে খ্রিস্টধর্ম বিশ্বের সবচেয়ে বেশি অনুসারী থাকা ধর্ম হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মুসলিম জনসংখ্যার বৃদ্ধির গতি অনেক বেশি।
পিউ-এর হিসাব মতে, ২০৩৫ সাল নাগাদ বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়ে ২.৫৭ বিলিয়নে পৌঁছাতে পারে। একই সময়ে খ্রিস্টান জনসংখ্যা প্রাক্কলন করা হয়েছে ২.৫২ বিলিয়ন।
প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সাল নাগাদ মুসলিম জনসংখ্যা দাঁড়িয়ে যাবে ৩.৬ বিলিয়নে। বিপরীতে খ্রিস্টানদের সংখ্যা থাকতে পারে ৩ বিলিয়নের কাছাকাছি।
ওই সময়ের মধ্যে বৈশ্বিক জনসংখ্যার প্রায় ৩৭ শতাংশ ইসলামের অনুসারী হবেন বলে ধারণা করা হচ্ছে। ২০২০ সালে এই হার ছিল মাত্র ২৬ শতাংশ।
অন্যদিকে খ্রিস্টধর্ম বিশ্বব্যাপী প্রায় ২৯ শতাংশ অনুসারী নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকতে পারে। স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি—অর্থাৎ মৃত্যুর চেয়ে জন্মের হার বেশি থাকা—এই পরিবর্তনের প্রধান চালিকাশক্তি।
ধর্ম পরিবর্তনের প্রভাব
পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে ধর্ম পরিবর্তনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। অতীতের ধারা অনুযায়ী, নতুন অনুসারী যুক্ত হওয়ার চেয়ে ধর্ম ত্যাগের কারণে উভয় ধর্মেই অনুসারী কমবে।
তবে ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ইসলাম ধর্ম ত্যাগের কারণে অনুসারী কমার হার হবে তুলনামূলকভাবে অনেক কম, মাত্র ৮ মিলিয়ন। একই সময়ে খ্রিস্টধর্মের ক্ষেত্রে এই সংখ্যা ১০৫ মিলিয়নে পৌঁছাতে পারে।
২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের মোট জনসংখ্যা ২৯ শতাংশ বাড়বে বলে প্রাক্কলন করা হয়েছে। এই প্রবৃদ্ধির হার ছুঁতে বা ছাড়িয়ে যেতে পারবে কেবল ইসলাম ও খ্রিস্টধর্ম।
এই সময়ে মুসলিম জনসংখ্যা ৮০ শতাংশ এবং খ্রিস্টান জনসংখ্যা ৩০ শতাংশ বাড়তে পারে। অন্যান্য ধর্মের ক্ষেত্রে চিত্রটি কিছুটা ভিন্ন।
হিন্দু জনসংখ্যার সংখ্যাগত মান বাড়লেও বৈশ্বিক অনুপাতে তা সামান্য কমে ২০৭০ সালে ১৩.৬ শতাংশে দাঁড়াতে পারে। ইহুদিদের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যেতে পারে, যা দাঁড়াবে ০.১৭ শতাংশে।
পাশাপাশি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা এবং বৈশ্বিক হার—উভয়ই নিম্নমুখী হতে পারে। ২০৭০ সালে তাদের হার ২.৫ শতাংশে নামার পূর্বাভাস রয়েছে।
ক্ষুদ্রতর ধর্ম ও অবিশ্বাসীরা
বাহাই, শিখ, জৈন, তাওবাদী এবং বিভিন্ন লোকধর্মের অনুসারীদের সংখ্যা সামান্য বাড়লেও বৈশ্বিক জনসংখ্যার ২ শতাংশের নিচে অবস্থান করবে। এই তথ্য উঠে এসেছে পিউ-এর বিশ্লেষণে।
এ ছাড়া নাস্তিক বা অজ্ঞেয়বাদীসহ ধর্মহীন মানুষের বৈশ্বিক অনুপাতও কমতে পারে। ২০২০ সালের ২৪ শতাংশ থেকে কমে ২০৭০ সালে তা ১৭ শতাংশে নেমে আসতে পারে।
ভৌগোলিক বিস্তারেও বড় ধরনের রূপান্তর দেখা যাবে। ২০৭০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে খ্রিস্টধর্ম বৃহত্তম ধর্ম থাকলেও সংখ্যাগরিষ্ঠ থাকবে না।
সেই সময়ে সবচেয়ে বেশি খ্রিস্টান জনসংখ্যার দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। বেশিরভাগ দেশে ধর্মহীন মানুষের সংখ্যা বাড়লেও চীনের জনসংখ্যা হ্রাসের পূর্বাভাসের কারণে বৈশ্বিক চিত্রে তার প্রভাব সীমিত থাকতে পারে।
সূত্র: জেরুসালেম পোস্ট
স্বপ্ন থেকে বাস্তব: চালকবিহীন ফাইটার জেট উড়াল তুরস্কে
রিয়াদের সর্বোচ্চ ভবনে হুতি ক্ষেপণাস্ত্র হামলা, বাড়ছে উত্তেজনা
রাসায়নিক অস্ত্র অজুহাত, ইরাকের মতো ইরানে হামলার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র