বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এক বিরল ও নজিরবিহীন মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। ২০২৭ সালের ২ আগস্ট সংঘটিত হবে একবিংশ শতাব্দীর মধ্যে স্থলভাগ থেকে দৃশ্যমান সবচেয়ে দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব অনুযায়ী, ওই দিন চাঁদ সূর্যকে টানা প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত সম্পূর্ণভাবে আড়াল করে রাখবে। ফলে দিনের বেলাতেই চারপাশ জুড়ে নেমে আসবে গভীর অন্ধকার।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণের পেছনে কাজ করছে এক বিশেষ মহাজাগতিক সমন্বয়। ওই নির্দিষ্ট সময়ে চাঁদ পৃথিবীর তুলনামূলক কাছাকাছি অবস্থানে থাকবে, যার ফলে আকাশমণ্ডলে চাঁদের আকার বড় দেখাবে। একই সময়ে পৃথিবী সূর্য থেকে তার দূরতম অবস্থানের (অ্যাফেলিয়ন) কাছাকাছি থাকায় সূর্যকে তুলনামূলক ছোট দেখাবে। এই দুই মহাজাগতিক প্রভাবের যুগলবন্দিতেই গ্রহণের স্থায়িত্ব এতটা দীর্ঘ হবে।
গ্রহণের কেন্দ্রীয় পথটি আটলান্টিক মহাসাগর থেকে শুরু হয়ে দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে। এই দীর্ঘতম গ্রহণের পূর্ণ রূপ প্রত্যক্ষ করা যাবে স্পেন, জিব্রাল্টার, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর, সুদান, সৌদি আরব, ইয়েমেন ও সোমালিয়ার কিছু অংশ থেকে।
তবে বিজ্ঞানীদের মতে, এই মহাজাগতিক দৃশ্য সবচেয়ে দীর্ঘ ও পরিষ্কারভাবে উপভোগ করার সেরা স্থান হলো মিসর। বিশেষ করে মিসরের লুক্সর ও নিউ ভ্যালি অঞ্চলে প্রায় পুরোটা সময় জুড়ে আকাশ সম্পূর্ণ অন্ধকার হয়ে আসবে, যা বিজ্ঞানীদের কাছে পর্যবেক্ষণের মূল আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।
পূর্ণগ্রাস চলাকালে দিনের আলো হঠাৎ গোধূলির আলোয় রূপ নেবে। একই সাথে পারিপার্শ্বিক তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে এবং দিনের আকাশেই উজ্জ্বল গ্রহ ও নক্ষত্রমণ্ডলী স্পষ্ট দৃশ্যমান হয়ে উঠবে। এই বিরল মুহূর্তে সূর্যের করোনা, বেইলি’স বিডস এবং ডায়মন্ড রিংয়ের মতো চোখজুড়ানো মহাজাগতিক দৃশ্যগুলোও ফুটে উঠতে পারে।
উইয়ন নিউজের সূত্রমতে, প্রায় ৪০০ কোটিরও বেশি মানুষ এই আংশিক বা পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন। তবে বিশেষজ্ঞরা বিশেষভাবে সতর্ক করে বলেছেন, পূর্ণগ্রাসের কয়েক মিনিট বাদে সূর্যগ্রহণের বাকি সব ধাপে অবশ্যই চোখ সুরক্ষাকারী নিরাপদ সোলার ফিল্টার বা অনুমোদিত বিশেষ চশমা ব্যবহার করতে হবে।
ইতিমধ্যেই এই বিরল ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানী, গবেষক ও সাধারণ আকাশপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতির জোয়ার তৈরি হয়েছে, যা একে এই শতাব্দীর অন্যতম আলোচিত মহাজাগতিক ঘটনায় রূপ দিতে যাচ্ছে।
সূত্র: উইয়ন নিউজ
আগস্টে ইউরোপজুড়ে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
এল নিনোর পূর্বাভাস জাতিসংঘের: ভাঙতে পারে অতীতের সব রেকর্ড