আকাশে ইরানের নতুন 'অদৃশ্য' শিকারি: ড্রোন 'হাদিদ ১১০'

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৮ এএম

সামরিক প্রযুক্তির শক্তিমত্তা জানান দিতে নতুন একটি অতি-দ্রুতগতির আত্মঘাতী ড্রোন তৈরি করেছে ইরান। 'হাদিদ ১১০' নামের এই 'কামিকাজে' ড্রোনটি মূলত আকাশে উড়ন্ত একটি অস্ত্র, যা শত্রুর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনে নিজেকে ধ্বংস করে দেয়।

সংবাদ সংস্থা মেহর নিউজের বরাত দিয়ে জানা যায়, নতুন এই ড্রোনটি ইরানের এ যাবতকালের সবচেয়ে দ্রুতগামী ড্রোনগুলোর একটি। পূর্ববর্তী সংস্করণগুলোর তুলনায় এর গতি, উড্ডয়ন উচ্চতা এবং রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতায় বড় ধরনের আধুনিকায়ন আনা হয়েছে।

হাদিদ ১১০-এর গঠন নিখুঁত স্টিলথ প্রযুক্তিতে তৈরি, যা শত্রুপক্ষের রাডার তরঙ্গকে বিভ্রান্ত করে আকাশে ড্রোনটির উপস্থিতি গোপন রাখে। প্রাথমিকভাবে রকেট বুস্টারের সাহায্যে উৎক্ষেপণ করা হলেও আকাশে নির্দিষ্ট গতি ও উচ্চতা পাওয়ার পর এর শক্তিশালী জেট ইঞ্জিনটি চালিত হয়।

ড্রোনটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫১৭ কিলোমিটার এবং এটি একটানা প্রায় এক ঘণ্টা আকাশে উড়তে সক্ষম। প্রায় ২০ হাজার ফুট উচ্চতা দিয়ে উড়ে গিয়ে ৩৫০ কিলোমিটার দূরবর্তী যেকোনো সুনির্দিষ্ট শত্রঘাঁটিতে হামলা চালাতে পারে এই ঘাতক ড্রোন।

যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধোঁকা দিতে এই ড্রোনে যুক্ত করা হয়েছে ২০ কেজি ওজনের অতিক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ওয়ারহেড। নতুন এই সংযোজন ইরানের বিমান বাহিনীর কৌশলগত সামরিক শক্তিকে বহুলাংশে বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তথ্যসূত্র: মেহর নিউজ এজেন্সি 

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত