বিআরটিসির মহিলা বাসে ই-টিকিটিং চালু করলো সহজ

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১০:৫৫ এএম

নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘মহিলা বাস’ বা ‘পিংক বাস’ সার্ভিসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করেছে সহজ লিমিটেড।

নতুন এই উদ্যোগের আওতায় ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চলাচলকারী মোট ১৪টি মহিলা বাসে পিওএস (POS) মেশিনের মাধ্যমে ই-টিকিট দেওয়া হচ্ছে।

সম্প্রতি তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর ফলে বাসে ওঠার পর নারী যাত্রীরা পিওএস মেশিন ব্যবহার করে দ্রুত ও সহজেই ই-টিকিট সংগ্রহ করতে পারবেন। নতুন প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা টিকিট সংগ্রহের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করার পাশাপাশি যাত্রীসেবার মান বাড়াতে সহায়ক হবে।

এই প্রকল্পে ই-টিকিটিং পার্টনার হিসেবে সহজ লিমিটেড প্রযুক্তিগত সহায়তা ও বাস্তবায়ন সহযোগিতা করছে। কার্যক্রমটি সঠিকভাবে পরিচালনার জন্য সহজের সংশ্লিষ্ট কর্মীরা বিআরটিসির বিভিন্ন ডিপোতে সরাসরি উপস্থিত থেকে মহিলা বাসের কন্ডাক্টরদের পিওএস মেশিন ব্যবহারের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছেন।

প্রশিক্ষণে কন্ডাক্টরদের পিওএস মেশিন পরিচালনা, ই-টিকিট ইস্যু এবং টিকিটিং ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা। এ সময় বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৪টি মহিলা বাসে ই-টিকিটিং চালুর মধ্য দিয়ে গণপরিবহন খাতে প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সহজের এই উদ্যোগ ভবিষ্যতে দেশের গণপরিবহন ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও যাত্রীবান্ধব সেবা চালুর পথকে আরও এগিয়ে নেবে।

এমএজেড
আরও পড়ুন