কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শ্রমিক সংকট এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থার পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে কারখানায় স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের শেষে বিশ্বের বিভিন্ন কারখানায় সক্রিয় শিল্প রোবটের সংখ্যা প্রথমবারের মতো ৫০ লাখ ছাড়িয়েছে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবোটিক্সের (আইএফআর) ‘ওয়ার্ল্ড রোবোটিক্স ২০২৬’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের শেষে বিশ্বে কার্যরত শিল্প রোবটের সংখ্যা বেড়ে ৫০ লাখ ৭৯ হাজারে দাঁড়ায়। এক বছরে এ সংখ্যা বেড়েছে ৯ শতাংশ। একই সময়ে কারখানাগুলোতে নতুন শিল্প রোবট স্থাপন হয়েছে ৬ লাখ ৩ হাজারটি, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি।
আইএফআরের তথ্য অনুযায়ী, এআই প্রযুক্তির অগ্রগতি এবং উৎপাদন ব্যবস্থায় স্বয়ংক্রিয়তার খরচ কমে আসা রোবট ব্যবহারের অন্যতম চালিকা শক্তি। পাশাপাশি উন্নত অর্থনীতির দেশগুলোতে শ্রমিক সংকট, উৎপাদন দেশে ফিরিয়ে আনার প্রবণতা এবং সরবরাহব্যবস্থাকে আরও স্থিতিশীল করার উদ্যোগও শিল্প রোবটের চাহিদা বাড়াচ্ছে।
শিল্প রোবট স্থাপনের ক্ষেত্রে চীন বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় অনেক এগিয়ে। ২০২৫ সালে দেশটিতে নতুন করে ৩ লাখ ৫৪ হাজার শিল্প রোবট স্থাপন করা হয়েছে। এটি ওই বছরে বিশ্বজুড়ে স্থাপিত মোট রোবটের প্রায় ৫৯ শতাংশ। এক বছরে চীনে রোবট স্থাপনের হার বেড়েছে ২০ শতাংশ। দেশটির নিজস্ব রোবট নির্মাতারাও অভ্যন্তরীণ বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। ২০২৫ সালে চীনা নির্মাতাদের বাজার অংশীদারত্ব ছিল ৫৫ শতাংশ।
আইএফআরের তথ্য বলছে, চীনে রোবট ব্যবহারের বিস্তার শুধু বড় শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নেই; দেশটির শিল্প খাতে দীর্ঘমেয়াদি স্বয়ংক্রিয়করণ কৌশলও এ প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
২০২৫ সালে নতুন শিল্প রোবট স্থাপনের হিসাবে যুক্তরাষ্ট্র জাপানকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রে নতুন রোবট স্থাপনের সংখ্যা প্রায় ৩৮ হাজার ৫০০, যা আগের বছরের তুলনায় ১২ শতাংশ বেশি।
অন্যদিকে জাপানে নতুন রোবট স্থাপন ১৯ শতাংশ কমে ৩৬ হাজার ২১৯টিতে নেমেছে। ফলে দেশটি বৈশ্বিক তালিকায় দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে গেছে।
দক্ষিণ কোরিয়া প্রায় ৩০ হাজার ২০০ নতুন রোবট স্থাপন করে চতুর্থ অবস্থান ধরে রেখেছে। জার্মানি প্রায় ২৪ হাজার ৮০০ ইউনিট স্থাপন করে পঞ্চম অবস্থানে রয়েছে। ভারত ১৫ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে প্রায় ১০ হাজার ৫০০ নতুন শিল্প রোবট স্থাপন করেছে।
ইউরোপের সবচেয়ে বড় শিল্প রোবট বাজার জার্মানি। ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নে স্থাপিত মোট শিল্প রোবটের প্রায় ৪১ শতাংশই জার্মানিতে স্থাপন হয়েছে। তবে দেশটিতে নতুন রোবট স্থাপনের প্রবৃদ্ধি আগের তুলনায় কমেছে। ইতালি, ফ্রান্স ও স্পেনেও রোবট স্থাপনের পরিমাণ কমেছে।
আইএফআর বলছে, এশিয়ায় শিল্প রোবটের প্রবৃদ্ধি সবচেয়ে শক্তিশালী। এরপর রয়েছে আমেরিকা অঞ্চল। ইউরোপ তুলনামূলক ধীর গতিতে এগোচ্ছে।
শিল্প রোবটের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে পণ্য ওঠানো-নামানো, মেশিন পরিচালনা এবং উৎপাদন লাইনে উপকরণ সরবরাহের মতো কাজে। ২০২৫ সালে নতুন স্থাপিত শিল্প রোবটের প্রায় ৫৯ শতাংশ এসব কাজে ব্যবহৃত হয়েছে।
এ ছাড়া প্রায় ১৬ শতাংশ রোবট ওয়েল্ডিং ও সোল্ডারিংয়ের কাজে স্থাপন করা হয়েছে। আইএফআরের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে নতুন করে ৬৬ হাজার কোলাবোরেটিভ রোবট বা কোবট স্থাপন করা হয়েছে, যা মোট শিল্প রোবট স্থাপনের প্রায় ১১ শতাংশ।
বিশ্বের বিভিন্ন উন্নত অর্থনীতিতে উৎপাদন খাতে শ্রমিকের ঘাটতি শিল্প রোবট ব্যবহারের অন্যতম কারণ হয়ে উঠেছে। একই সঙ্গে উচ্চ মজুরি, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এবং দ্রুত সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তা প্রতিষ্ঠানগুলোকে স্বয়ংক্রিয়তার দিকে ঠেলে দিচ্ছে।
এআই প্রযুক্তির অগ্রগতিও রোবটকে আগের তুলনায় আরও নমনীয় ও সহজে ব্যবহারযোগ্য করে তুলছে। বিশেষ করে ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের জন্য স্বয়ংক্রিয়তার খরচ কমে আসায় এসব প্রতিষ্ঠানে রোবট ব্যবহারের সুযোগ বাড়ছে।
শিল্প রোবটের বৈশ্বিক চাহিদা আগামী কয়েক বছরেও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আইএফআর। সংস্থাটির হিসাবে, ২০২৬ সালে নতুন শিল্প রোবট স্থাপনের সংখ্যা প্রায় ৬ লাখ ৫৫ হাজারে পৌঁছাতে পারে। ২০২৯ সালে তা বেড়ে ৮ লাখ ৬ হাজারে দাঁড়ানোর পূর্বাভাস রয়েছে।
অর্থাৎ কারখানার উৎপাদনব্যবস্থায় মানুষের পাশাপাশি রোবটের উপস্থিতি আগামী বছরগুলোতে আরও দ্রুত বাড়তে পারে।
তবে বিশ্বজুড়ে ৫০ লাখের বেশি শিল্প রোবট সক্রিয় থাকলেও সব দেশের স্বয়ংক্রিয়তার মাত্রা সমান নয়। আইএফআরের তথ্যে দেখা যায়, শিল্প খাতে প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে বিশ্বব্যাপী রোবটের ঘনত্ব দেশ ও শিল্পভেদে ব্যাপকভাবে ভিন্ন।
অটোমোবাইল শিল্পে রোবটের ব্যবহার অন্যান্য শিল্পের তুলনায় অনেক বেশি। কারণ গাড়ি তৈরির কারখানায় ওয়েল্ডিং, পেইন্টিং, অ্যাসেম্বলি ও ভারী যন্ত্রাংশ ব্যবস্থাপনার মতো কাজগুলো দীর্ঘদিন ধরেই রোবটের মাধ্যমে করা হচ্ছে।
আইএফআরের হিসাবে, ২০২৫ সালে বিশ্ব শিল্প রোবট বাজারে ধাতু ও যন্ত্রপাতি, অটোমোবাইল এবং ইলেকট্রনিকস খাত ছিল গুরুত্বপূর্ণ চাহিদার উৎস। বিশেষ করে ধাতু ও যন্ত্রপাতি খাতে নতুন রোবট স্থাপনের প্রবৃদ্ধি ছিল উল্লেখযোগ্য।
বিশ্বের কারখানাগুলোতে ৫০ লাখের বেশি শিল্প রোবটের সক্রিয় উপস্থিতি তাই শুধু প্রযুক্তিগত পরিবর্তনের পরিসংখ্যান নয়; এটি বৈশ্বিক উৎপাদনব্যবস্থায় একটি বড় রূপান্তরের ইঙ্গিত। শ্রমিক সংকট, এআই, সরবরাহব্যবস্থার পুনর্গঠন এবং উৎপাদন ব্যয় কমানোর চাপ সব মিলিয়ে শিল্প স্বয়ংক্রিয়তা এখন বৈশ্বিক উৎপাদন প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠছে।
কাশুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ পাকিস্তানি নিহত, আহত ১
ফ্রান্সজুড়ে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ-সংঘর্ষ, একদিনে গ্রেপ্তার ১৭৪৭
যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রগ্রামে বাংলাদেশিদের আবেদনের সুযোগ
ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজন সম্পর্কে বেরিয়ে আসছে উদ্বেগজনক তথ্য