জুনিয়র এশিয়া কাপে টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে আজ কাজাখস্তানকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা। জয় পেলেও গ্রুপে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চতুর্থ স্থানেই আছে তারা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ বুধবার (৯ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে।
কাজাখস্তানের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল পায় বাংলাদেশ; তিন মিনিটে দলকে এগিয়ে দেন শিমুল ইসলাম। তবে বাংলাদেশের এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। চার মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে গোল করে কাজাখস্তানকে সমতায় ফেরান কাইরাতুলি ইয়েরালি। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২৫ মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে ম্যাচে এগিয়ে দেন মেহেদী হাসান। এরপর তৃতীয় কোয়ার্টারে কিছুটা উজ্জীবিত হয়ে খেলতে শুরু করে কাজাখস্তান। তবে আক্রমণে ধার থাকলেও খুব একটা সুবিধা করতে পারেনি তারা।
৩৩ মিনিটে তৈয়ব আলীর গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ, স্কোরলাইন দাঁড়ায় ৩-১। তবে তিন মিনিট পরই রক্ষণভাগের ভুলে একটি গোল হজম করে বসে জাইলস বোনেটের দল। এতে ম্যাচ নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা কিছুটা বেড়ে যায়। কাজাখস্তানও তখন সমতায় ফেরার চেষ্টা করতে থাকে। তবে শেষ কোয়ার্টারে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বাংলাদেশের যুবারাই। দলের হয়ে চতুর্থ গোলটি করেন মুন্না ইসলাম। ফলে ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এ নিয়ে নবমবারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশের যুবারা। ছেলেদের জুনিয়র এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ১০ দলের এবারের টুর্নামেন্টে ভারত খেলছে ‘এ’ গ্রুপে। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে পাকিস্তান, চীন, মালয়েশিয়া ও কাজাখস্তান।
পুরুষ ও নারী ফুটবল দলের নতুন জার্সি উন্মোচন
‘এক্সটার্নাল প্রেসার’ তৈরির আশা রাফিয়ার