এশিয়ান গেমসে বাংলাদেশের সার্ফিংয়ের অভিষেকেই সাফল্যের দেখা পেয়েছেন ফাতেমা আক্তার ও মো. মান্নান। জাপানের তাহারায় প্রথম রাউন্ডের লড়াই পেরিয়ে নারী ও পুরুষ দুই বিভাগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন বাংলাদেশের দুই সার্ফার। প্রতিকূল আবহাওয়া ও ছোট ঢেউয়ের বাধা পেরিয়ে এখন তাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া।
প্রথমবার এশিয়ান গেমসের মঞ্চে বাংলাদেশের সার্ফিং। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় নারী বিভাগের খেলা দিয়ে শুরু হয় ঐতিহাসিক এই যাত্রা। জাপানের তাহারায় দ্বিতীয় হিটে পানিতে নামেন বাংলাদেশের ফাতেমা আক্তার। সঙ্গে ছিলেন চীন ও ইন্দোনেশিয়ার দুই প্রতিযোগী। তিনজনের লড়াইয়ে তৃতীয় হন ফাতেমা।
তবে শুরু থেকেই বাধা হয়ে দাঁড়ায় আবহাওয়া। খারাপ আবহাওয়া ও ঢেউয়ের অনুকূল পরিস্থিতি না থাকায় কয়েক দফা বন্ধ থাকে প্রতিযোগিতা। দুপুর ১২টা ৪৫ মিনিটে আবার শুরু হয় মেয়েদের প্রথম রাউন্ডের বাকি হিট। দুইটার আগেই শেষ হয় নারী বিভাগের প্রথম রাউন্ড। এরপর শুরু হয় পুরুষ বিভাগের লড়াই।
পঞ্চম হিটে পানিতে নামেন বাংলাদেশের মান্নান। তার সঙ্গে ছিলেন আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার দুই সার্ফার। ভালো পারফরম্যান্সে হিটে দ্বিতীয় হন মান্নান। আর এতেই নিশ্চিত হয় দ্বিতীয় রাউন্ডের টিকিট।
বাংলাদেশ সার্ফিং দলের টিম অফিসিয়াল মো. সাইফুল্ল্যাহ সিফাত বলেন, ‘এশিয়ান গেমসে প্রথমবার বাংলাদেশের সার্ফিংয়ের যাত্রা শুরু হয়েছে। প্রথম রাউন্ডে ফাতেমা তৃতীয় এবং মান্নান দ্বিতীয় হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। আবহাওয়া ও ঢেউয়ের পরিস্থিতির কারণে খেলা কয়েক দফা বন্ধ থাকলেও শেষ পর্যন্ত দুই বিভাগেই প্রথম রাউন্ড শেষ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শনিবার দ্বিতীয় রাউন্ডে ফাতেমা ও মান্নান দুজনই খেলবে। আবহাওয়া ভালো থাকলে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’
শুধু মান্নান নন, প্রথম রাউন্ড পেরিয়েছেন ফাতেমাও। ফলে দ্বিতীয় রাউন্ডে নারী ও পুরুষ দুই বিভাগেই থাকবে বাংলাদেশের প্রতিনিধিত্ব। মান্নান নামবেন তৃতীয় হিটে। ফাতেমার হিটও ঢেউ ও আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নির্ধারণ করা হবে।
প্রথম দিনের সাফল্যে উচ্ছ্বসিত সার্ফার মো. মান্নানও। সামনে আরও ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে দ্বিতীয় রাউন্ডে নামবেন তিনি।
এশিয়ান গেমসে বাংলাদেশের সার্ফিংয়ের প্রথম অধ্যায়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন দুই প্রতিযোগী। এবার ফাতেমা ও মান্নানের লক্ষ্য ঢেউ জয় করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া।
কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪
দুই পরাশক্তির মাঝখানে ইরাক, ইরানের সঙ্গে বিমান চলাচল বন্ধ