মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি মাঠে গড়ায়নি। ফলে কোনো বল না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচটি হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।

বাংলাদেশ দলের একটি সূত্র জানায়, সকালে বৃষ্টির কারণে ম্যাচ আয়োজন সম্ভব নয় বলে গেমস কর্তৃপক্ষ দলকে জানিয়ে দেয়। ফলে বাংলাদেশ দলকে আর স্টেডিয়ামেও যেতে হয়নি।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘সকালে গেমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, বৃষ্টির কারণে খেলা হচ্ছে না। তাই দল আর স্টেডিয়ামে যাবে না।’

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় ম্যাচ বাতিল হওয়ার পর সরাসরি সেমিফাইনালে জায়গা পায় বাংলাদেশ।

চলতি এশিয়ান গেমসে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে টুর্নামেন্টের প্রথম দুই কোয়ার্টার ফাইনালও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। গত সোমবার সকালে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটিও বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি।

আগামী ১ অক্টোবর প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। তবে বৃষ্টি বা বৈরী আবহাওয়ার কারণে ওই ম্যাচও বাতিল হলে আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা পাকিস্তান সরাসরি ফাইনালে উঠবে। তখন বাংলাদেশকে খেলতে হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ।

এএম
আরও পড়ুন