ক্রীড়া প্রতিবেদক: বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বেলা দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। সেমিফাইনালের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে দুদল।
অস্ট্রেলিয়া সর্বাধিকবারের বিশ্ব চ্যাম্পিয়ন। পাঁচবার বিশ্বকাপের শিরোপা জয় করেছে তারা। অন্যদিকে ভারতের বিশ্বকাপ ট্রফির সংখ্যা দুই। দারুণ পারফরম করে ভারত তৃতীয় শিরোপা জয়ের অপেক্ষায় রয়েছে। পারফরম্যান্সের বিচারে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলার কোনো যুক্তি নেই।
ভারত টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল। গ্রুপ পর্বের ৯ ম্যাচের প্রতিটিতে জয় নিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে। অস্ট্রেলিয়া অবশ্য অপরাজিত থাকার সুযোগটা প্রথম ম্যাচেই হারিয়েছিল। এই ভারতের কাছেই হেরেছিল তারা। পরের ম্যাচেও এই হারের ধাক্কা সামলে উঠতে পারেনি দলটি। তবে দ্বিতীয় ম্যাচের পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।
ভারত :রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

