বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল

ফিলিস্তিনি পতাকা নিয়ে মাঠে ঢুকে পড়লেন দর্শক

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:৫৯ পিএম

খবর সংযোগ ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করছে স্বাগতিক ভারত। খেলা চলাকালীন সময়ে উত্তেজিত দর্শক মাঠে ঢুকে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণীর এ ম্যাচে দেখা গেল এক ভিন্ন দৃশ্য।

ইনিংসের ১৪তম ওভারের ঘটনা। কঠোর নিরাপত্তার ফাঁকগলে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। মুখে ফিলিস্তিনি পতাকার আদলে মাস্ক, গায়ের টি-শার্ট যতদূর দেখা যাচ্ছে তাতে লেখা, ‘আগ্রাসন থামাও। ফিলিস্তিন মুক্ত করো।’ মাঠে ঢুকেই ক্রিজে কোহলির কাছাকাছিও চলে যান ওই আগন্তুক।

পরক্ষণেই মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে সরিয়ে নেন। এ ঘটনায় কয়েক সেকেন্ডের মতো বন্ধ থাকে খেলা। তবে বিশ্বকাপের ফাইনাল ঘিরে আহমেদাবাদের কড়া নিরাপত্তা বেষ্টনি টপকে কিভাবে মাঠে প্রবেশ করেন ওই দর্শক তা নিয়ে প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনে মৃত্যুকূপে পরিণত হয়েছে। প্রতিদিন শতশত মানুষ প্রাণ হারাচ্ছেন। বাদ যাচ্ছে না শিশুরাও। এমনকি হামলায় আহতরাও চিকিৎসা সেবা নিতে পারছেন না।

 

AH
আরও পড়ুন