আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর পর্দা উঠেছে পাকিস্তানের দাপুটে বোলিংয়ের মধ্য দিয়ে। আসরের উদ্বোধনী ম্যাচে নিয়ন্ত্রিত বোলিং আর নিয়মিত উইকেট পতনে নেদারল্যান্ডসকে ১৯.৫ ওভারে মাত্র ১৪৭ রানে অলআউট করে দিয়েছে বাবর আজমের দল।
শনিবার (৭ ফেব্রুয়ারি) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল নেদারল্যান্ডস। ওপেনার মাইকেল লেভিট ও ম্যাক্স ও’ডাউড আক্রমণাত্মক ব্যাটিং শুরু করলেও চতুর্থ ওভারেই তাদের বিচ্ছিন্ন করেন সালমান মির্জা। ৫ রান করা ও’ডাউডকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন তিনি। পরের ওভারেই ১৫ বলে ২৪ রান করা লেভিটকে সাজঘরের পথ দেখান মোহাম্মদ নেওয়াজ।
মাঝের ওভারে বাস ডি লিডে (৩০) এবং অধিনায়ক স্কট এডওয়ার্ডস (৩৭) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তবে আবরার আহমেদের ঘূর্ণিতে সেই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ডাচ অধিনায়ক এডওয়ার্ডস এক পর্যায়ে চড়াও হওয়ার চেষ্টা করলেও আবরারের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন।
ইনিংসের শেষ দিকে সাইম আইয়ুবের জোড়া আঘাত এবং সালমান মির্জার তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নেদারল্যান্ডসের লোয়ার অর্ডার। শেষ ওভারে আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরেনকে ফিরিয়ে ডাচদের ইনিংসের ইতি টানেন সালমান।
পাকিস্তানের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন সালমান মির্জা। ৩.৫ ওভারে ২৪ রান খরচায় তিনি শিকার করেন ৩টি উইকেট। এছাড়া মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ ও সাইম আইয়ুব প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শাহীন শাহ আফ্রিদি পান ১টি উইকেট।
উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
