পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসে প্রথমবারের মতো ড্রাফট পদ্ধতি বাদ দিয়ে নিলামের মাধ্যমে দল গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। ১১ ফেব্রুয়ারি লাহোরে বসছে পিএসএল ২০২৬-এর এই মেগা নিলাম। এই আয়োজনকে ঘিরে বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা বিরাজ করছে, কারণ এবার রেকর্ড ৫০ জন বাংলাদেশি ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন।
নিলামের আগেই সরাসরি চুক্তিতে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। প্লাটিনাম ক্যাটাগরিতে তার মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাকি ৪৯ জন বাংলাদেশিকে আজ নিলামের টেবিলে লড়তে হবে দল পাওয়ার জন্য।
এবারের আসরে হায়দরাবাদ ও শিয়ালকোট যুক্ত হওয়ায় মোট দলের সংখ্যা দাঁড়িয়েছে আটে। প্রতিটি দল আগেই চারজন করে খেলোয়াড় ধরে রেখেছে। নিলাম থেকে প্রতিটি দলকে কমপক্ষে ১৬ জন এবং সর্বোচ্চ ২০ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড পূর্ণ করতে হবে। যেখানে বিদেশি ক্রিকেটার থাকতে পারবেন ৫ থেকে ৭ জন। এছাড়া প্রতিটি স্কোয়াডে অন্তত দুইজন অনূর্ধ্ব-২৩ আনক্যাপড খেলোয়াড় রাখা বাধ্যতামূলক।
ক্যাটাগরি অনুযায়ী বাংলাদেশি ক্রিকেটারদের ভিত্তি মূল্য
২ কোটি ২ লাখ রুপি: সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসান।
১ কোটি ১০ লাখ রুপি: রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, লিটন দাস, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলামসহ ২২ জন।
৬০ লাখ রুপি: আফিফ হোসেন, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ (নাসির হোসেন, সাব্বির রহমানসহ) ২৫ জন।
বাংলাদেশ সময় আজ দুপুর ১২টা থেকে এই নিলাম শুরু হবে। নিলামের প্রতিটি মুহূর্ত সরাসরি সম্প্রচার করা হবে পিএসএলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ইউটিউব পেজে।
রেকর্ড দামে বিক্রি হলো মুলতান সুলতান্স, নতুন নাম কি
