আইসিসি টি-২০ বিশ্বকাপের রোমাঞ্চকর সুপার এইট পর্ব শুরু হচ্ছে ২১ ফেব্রুয়ারি থেকে। এই মহাগুরুত্বপূর্ণ পর্বের ম্যাচ পরিচালনার জন্য কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৬ জন আম্পায়ার এবং ৪ জন ম্যাচ রেফারির এই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
আইসিসি জানিয়েছে, সুপার এইটের জন্য এলিট প্যানেল ও এমার্জিং আম্পায়ার গ্রুপ থেকে ১৬ জন আম্পায়ার এবং এলিট প্যানেলের ৪ জন ম্যাচ রেফারি নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) কলম্বোতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে সুপার এইট শুরু হবে। এই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রডনি টাকার ও পল রাইফেল। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন আল্লাহউদ্দিন পালেকার।
ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ক্রিস গ্যাফানি ও রিচার্ড কেটলবরো। এছাড়া ২৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা। ধর্মসেনা সম্প্রতি অস্ট্রেলিয়া বনাম ওমান ম্যাচে আম্পায়ারিংয়ের মাইলফলক (৫০তম টি-২০) স্পর্শ করেছেন।
জিম্বাবুয়ে চমক দেখিয়ে সুপার এইটে ওঠায় তাদের ম্যাচগুলো নিয়েও বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিম্বাবুয়ের ম্যাচে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওয়ার্থ ও জয়ারামন মাদানাগোপাল।
ম্যাচ রেফারিদের তালিকা: রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগল শ্রীনাথ।
আম্পায়ারদের তালিকা: রডনি টাকার, পল রাইফেল, আল্লাহউদ্দিন পালেকার, স্যাম নোগাজস্কি, নীতিন মেনন, আদ্রিয়ান হোল্ডস্টক, আহসান রাজা, আসিফ ইয়াকুব, রিচার্ড কেটলবরো, ক্রিস গ্যাফানি, অ্যালেক্স রাফ, ক্রিস ব্রাউন, রিচার্ড ইলিংওয়ার্থ, জয়ারামন মাদানাগোপাল, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও কুমার ধর্মসেনা।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাকিব আল হাসানের পোস্ট
